মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৭:৩৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া আল্টিমেটাম এবং অব্যাহত হুমকির মুখে এবার চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
সংস্থাটি জানায়, এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে পাল্টা হামলায় ‘উল্লেখযোগ্য সংযম’ প্রদর্শন করে আসছিল তার সময় শেষ হয়ে গেছে। এখন থেকে মার্কিন বাহিনী কোনো ধরনের উসকানি দিলে তার জবাব হবে নজিরবিহীন ও বিধ্বংসী। পেন্টাগন যদি ইরানের নির্ধারিত ‘রেড লাইন’ বা সীমারেখা অতিক্রম করে তবে তেহরানের পাল্টা আক্রমণের আগুন কেবল মধ্যপ্রাচ্যের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলে, তারা এতদিন অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্যবস্তু বাছাই করেছে এবং বড় ধরনের সংঘাত এড়াতে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এখন থেকে এ ধরনের সব মানবিক ও কৌশলগত বিবেচনা পুরোপুরি বাদ দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন নেতাদের আসলে সঠিক সামরিক হিসাব করার সক্ষমতা নেই। তারা যদি ইরানের অভ্যন্তরীণ অবকাঠামো বা বিদ্যুৎকেন্দ্রে হামলার ধৃষ্টতা দেখায় তবে পাল্টা জবাবে মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের এমন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হবে যা তারা কল্পনাও করতে পারছে না।
আইআরজিসি তাদের বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদারদের জ্বালানি নিরাপত্তার ওপর আঘাত হানার হুমকি দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রধান অবকাঠামো ও তেল গ্যাস ক্ষেত্রগুলো এমনভাবে লক্ষ্যবস্তু করবে যাতে এই অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বছরের পর বছর অচল হয়ে পড়ে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া তার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগ মুহূর্তেও হুমকি দিয়ে বলেন, তার দেওয়া শর্ত মেনে না নিলে আজ রাতেই ইরানি সভ্যতা বিলীন হয়ে যেতে পারে।
আরটিভি/এআর