মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:১২ পিএম
বাস্তব অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং ই-কমার্স খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে একাধিক সরকারি বিভাগ যৌথভাবে একটি নতুন নির্দেশিকা জারি করেছে বলে ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (৬ এপ্রিল) এ ঘোষণা দেয় মন্ত্রণালয়টি।
মন্ত্রণালয়ের প্রকাশিত দলিলে বলা হয়েছে, ডিজিটাল অর্থনীতি ও বাস্তব অর্থনীতির গভীর একীকরণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নির্দেশিকায় ই-কমার্সের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং গ্রামীণ অঞ্চলকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পখাতে ডিজিটাল রূপান্তর দ্রুততর করা এবং ভোগের মানোন্নয়নে প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করার কথাও উল্লেখ করা হয়েছে।
নির্দেশিকায় আন্তঃসীমান্ত ই-কমার্স সম্প্রসারণ এবং ‘সিল্ক রোড ই-কমার্স’উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং ডিজিটাল বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্য বিধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একটি সুষ্ঠু এবং টেকসই উন্নয়ন পরিবেশ গড়ে তুলতে প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব আরও স্পষ্ট, নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার এবং প্রাসঙ্গিক আইন-কানুন মেনে বিশ্ববাজারে ব্যবসা সম্প্রসারণে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার আহ্বান জানানো হয়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশিকাগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
সূত্র: সিএমজি
আরটিভি/এসএস