images

আন্তর্জাতিক

হজে না যেতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০২:১৪ পিএম

সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদেরকে পবিত্র হজ পালন না করতে পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষের দেওয়া ভ্রমণ সতর্কতার বরাত দিয়ে এক বিবৃতিতে আমেরিকান নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়টি গুরুত্বের সাথে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। 

একই সঙ্গে মার্কিন নাগরিকদের এ বছর পবিত্র মক্কায় বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান হজ-এ অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। সংঘাতপূর্ণ এই সময়ে যে-কোনো ধরনের বড় জমায়েত বা ভ্রমণে বাড়তি ঝুঁকি থাকায় মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের সতর্ক থাকার এই বিশেষ নির্দেশনা প্রদান করেছে।

আরও পড়ুন
HURMUZ

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অনুমতি পেল ইরান ও ওমান

‘হজ ২০২৬’–কে সামনে রেখে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে। এ সময় হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট ছাড়া প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বলা হয়েছে, হজ পালনের ক্ষেত্রে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নিতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা, আটক বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। ওমরাহ ভিসায় প্রবেশের শেষ তারিখ ছিল ৩ এপ্রিল এবং এই ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এসব নিয়ম জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে।

আরটিভি/এমএ