images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

কবে খোলা হবে হরমুজ প্রণালি, জানাল ইরান

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৮:২১ পিএম

বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চূড়ান্ত আলোচনার আগে একটি টেকসই যুদ্ধবিরতি কাঠামো সম্পন্ন হলে আগামীকাল বৃহস্পতিবার অথবা আগামী শুক্রবারের মধ্যেই অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটি। 

বুধবার(৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান এই কৌশলগত নৌপথটি কার্যত বন্ধ করে দিয়েছিল। এর ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয় এবং তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। তবে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য শান্তি সমঝোতার অংশ হিসেবে এখন তেহরান এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

১০ মিনিটের ব্যবধানে লেবাননে ১০০ বিমান হামলা ইসরায়েলের, বহু হতাহত

রয়টার্সকে দেওয়া বিবৃতিতে ওই ইরানি কর্মকর্তা আরও জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় করেই এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে সাধারণ সময়ের তুলনায় মাত্র পাঁচ শতাংশ জাহাজ চলাচল করতে পারছিল। মূলত পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী জাহাজের নিরাপত্তার জন্য ইরানের সঙ্গে আলাদা বিশেষ চুক্তি করায় কিছু ট্যাঙ্কার যাতায়াত করতে সক্ষম হয়েছিল। তবে সাধারণ বাণিজ্যিক জাহাজের জন্য এই পথটি সম্পূর্ণ রুদ্ধ ছিল।

পুরোদমে খুলে দেওয়ার আগে আজ বুধবার থেকেই শর্তসাপেক্ষে কিছু জাহাজ চলাচলের সুযোগ পাবে বলে জানা গেছে। তবে এই চলাচলের ক্ষেত্রে একটি নতুন ও ব্যয়বহুল শর্ত জুড়ে দিয়েছে ইরান ও ওমান। এখন থেকে হরমুজ প্রণালি ব্যবহারকারী প্রতিটি জাহাজকে মোটা অঙ্কের ‘ট্রানজিট ফি’ গুনতে হবে। ওমানের সঙ্গে সমন্বয় করে ইরান এই ফি আদায় করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রমতে, ইরান প্রতিটি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ট্রানজিট ফি দাবি করছে। যদিও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক জাহাজ মালিক এই বিশাল পরিমাণ ফি পরিশোধ করে প্রণালি পার হয়েছে কি না তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। 

আরটিভি/এআর