images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই, ট্রিগারে আঙুল রাখা আছে: আইআরজিসি

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ১০:০৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাটকীয়ভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও ওয়াশিংটনের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই বলে জানিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। 

বুধবার (৮ এপ্রিল) বাহিনীটি এক কঠোর বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ‘আঙুল এখনো ট্রিগারে রাখা আছে’।

আইআরজিসির নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ইরানি জাতির একনিষ্ঠ রক্ষীরা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ মোজতবা খামেনির আদেশ পালনে বদ্ধপরিকর। যেকোনো ধরনের উসকানি বা চুক্তি লঙ্ঘনের দাঁতভাঙা জবাব দিতে তারা রণক্ষেত্রে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা জানায়, “শত্রুরা বরাবরই প্রতারক এবং তাদের ফাঁপা প্রতিশ্রুতিতে আমাদের কোনো আস্থা নেই।” 

আরও পড়ুন
14

যুদ্ধবিরতি থেকে সরে আসার হুমকি ইরানের

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন ইরানকে আলোচনার টেবিলে বসতে রাজি করিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির ভবিষ্যৎ  নিয়ে তিনি জানান, এই বিষয়টি এখন থেকে ‘নিখুঁতভাবে দেখাশোনা করা হবে’। 

তেলবাহী জাহাজ চলাচলের প্রধান রুট হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এখনো ধোঁয়াশা থাকলেও ট্রাম্প একটি দীর্ঘমেয়াদী চুক্তির সম্ভাবনার কথা শুনিয়েছেন। তিনি বলেন, “একটি শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে। আমাদের কাছে একটি ১৫ দফা প্রস্তাব রয়েছে, যার অধিকাংশ বিষয়েই ইতিমধ্যে প্রাথমিক সম্মতি পাওয়া গেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”

আরটিভি/এআর