বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৩:১৯ পিএম
গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরা মোবাশারের সংবাদদাতা মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) গাজা সিটির পশ্চিমাঞ্চলে উপকূলীয় সড়ক আল-রশিদ স্ট্রিটে একটি গাড়িতে করে যাওয়ার সময় এই হামলার শিকার হন তিনি।
আল জাজিরা সূত্র জানায়, হামলায় গাড়িটিতে সরাসরি আঘাত হানার পর সেটি মুহূর্তেই আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন উইশাহ।
মোহাম্মদ উইশাহ দীর্ঘদিন ধরে গাজা থেকে যুদ্ধ পরিস্থিতির খবর সরাসরি প্রচার করে আসছিলেন। ২০১৮ সালে তিনি আল জাজিরা নেটওয়ার্কে যোগ দেন এবং ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের প্রথম দিন থেকেই মাঠে থেকে সংবাদ পরিবেশন করছিলেন।
এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে “জঘন্য অপরাধ” বলে উল্লেখ করেছে।
সংবাদমাধ্যমটি বলেছে, সত্যের কণ্ঠ রোধ করতে এবং সাংবাদিকদের ভয় দেখাতে এটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা।
নেটওয়ার্কের ভাষ্য, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং গাজায় সাংবাদিকদের লক্ষ্য করে ধারাবাহিক হামলারই অংশ।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি বলেন, প্রধান সড়কে চলন্ত অবস্থায় উইশাহর ওপর হামলা প্রমাণ করে যে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও পরিস্থিতি ভয়াবহ রয়ে গেছে। তার ভাষায়, যুদ্ধবিরতির প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও ইসরায়েলি বাহিনীর লঙ্ঘন অব্যাহত রয়েছে, আর সাংবাদিকরাও হামলার শিকার হচ্ছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন। সংস্থাটি এ ঘটনাকে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে “পদ্ধতিগত টার্গেট কিলিং” হিসেবে বর্ণনা করেছে।
এ ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোকে তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে দায়ীদের বিচারের আওতায় আনা এবং গাজায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক চাপ সৃষ্টিরও আহ্বান জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নতুন করে অন্তত ৭৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৩৪ জন আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা
আরটিভি/এমএইচজে