images

আন্তর্জাতিক

ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ১৯ হাজারের বেশি গোপন ছবি-ভিডিও হ্যাক

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৪:৩০ পিএম

দখলদার ইসরায়েলের সাবেক সেনাপ্রধান জেনারেল হারজি হালেভির ব্যক্তিগত একাধিক ডিভাইস হ্যাক করার দাবি করেছে ইরানি হ্যাকার গ্রুপ হান্দালা। গ্রুপটি জানিয়েছে, তারা হালেভির ১৯ হাজারের বেশি গোপন ছবি ও ভিডিও হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ দাবি করে হান্দালা। তাদের ভাষ্য, হ্যাক করা এসব ছবি ও ভিডিওর অনেকগুলোই অত্যন্ত সংবেদনশীল বৈঠক ও সামরিক পরিবেশে ধারণ করা হয়েছিল।

হ্যাকার গ্রুপটি দাবি করেছে, ইসরায়েলের গোপন অবকাঠামো, ক্রাইসিস রুম, মানচিত্র এবং কমান্ড সেন্টারের সূক্ষ্মতম তথ্যও তাদের কাছে দীর্ঘদিন ধরে উন্মুক্ত রয়েছে।

প্রকাশিত কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, হারজি হালেভি সামরিক ঘাঁটি পরিদর্শন করছেন, বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন এবং অফিসে ব্যায়াম করছেন। এছাড়া তার ব্যক্তিগত জীবন ও পরিবারের কিছু ছবিও ফাঁস করা হয়েছে বলে জানিয়েছে হান্দালা। প্রকাশিত একটি ছবিতে তাকে তার স্ত্রীর সঙ্গে বসে থাকতে দেখা যায়। এর পাশাপাশি তার কিছু পরিচয়পত্র বা আইডি কার্ডের ছবিও প্রকাশ করা হয়েছে।

এ ঘটনায় এখনো ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হারজি হালেভি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ব্যাপক বিতর্কের মুখে রয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে তার সামরিক নির্দেশনার অধীনে ব্যাপক বোমাবর্ষণ, বেসামরিক স্থাপনায় হামলা এবং বহু মানুষের প্রাণহানির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন
Lopy

বাংলাদেশকে বড় সুখবর দিলো মালয়েশিয়া

উল্লেখ্য, হান্দালা এর আগেও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সাবেক বিচারমন্ত্রী আয়েলেত সাকেদ এবং বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চিফ অব স্টাফের তথ্যও হাতিয়ে নিয়েছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরটিভি/এসকে