শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০৮:২৮ পিএম
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির মাধ্যমে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি বা টোল নিজেদের মুদ্রা ইরানি রিয়ালে নেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধানের বরাতে এই তথ্য জানিয়েছে মুম্বাইয়ে অবস্থিত ইরানি দূতাবাস, যা আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ইরান চাইছে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো টোল পরিশোধ করবে স্থানীয় মুদ্রা রিয়ালে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের নির্ভরতা কমানোর পাশাপাশি বিকল্প মুদ্রা ব্যবহারের প্রবণতা বাড়ানোর চেষ্টা চলছে।
এর আগে বিভিন্ন সময় আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে চাপ তৈরি হয়েছিল। সাম্প্রতিক সময়ে কিছু ক্ষেত্রে চীনা ইউয়ানেও ফি আদায়ের কথা শোনা গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়, যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে এই ধরনের উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি এটি বৈশ্বিক মুদ্রা ব্যবস্থায় প্রতিযোগিতা আরও বাড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আরটিভি/এসকে