রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১০:৪৮ এএম
ইসলামাবাদে ২১ ঘণ্টার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এবার ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান।
ইরান জানিয়েছে, একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য তারা কোনো ‘তাড়াহুড়ো’ করছে না এবং বর্তমান পরিস্থিতির সমস্ত দায়ভার এখন যুক্তরাষ্ট্রের ওপর।
রোববার (১২ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই কড়া বার্তা দেয়।
ইরানি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, “আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরান যৌক্তিক উদ্যোগ ও প্রস্তাব দিয়েছে, এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো বিষয়গুলো বাস্তবসম্মতভাবে বিবেচনা করা।”
তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্র রণাঙ্গনে যেমন ভুল হিসাব করেছিল, আলোচনার টেবিলেও একই ভুলের পুনরাবৃত্তি করছে। এদিকে ইরান জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক চুক্তিতে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর অবরোধ বা অন্য কোনো বিষয়ে কোনো পরিবর্তন আসবে না।
তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে বসে সেই উচ্চাভিলাষী দাবিগুলোই পূরণ করতে চাইছে। কিন্তু ইরান তার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।
দীর্ঘ ২১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ব্যর্থতাকে ‘ইরানের জন্য বড় দুঃসংবাদ’ হিসেবে অভিহিত করেছিলেন। তবে ইরানের পক্ষ থেকে সেই দাবি প্রত্যাখ্যান করে জানানো হয়, সম্ভাব্য পরবর্তী দফা আলোচনার জন্য তারা কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান নির্ধারণ করেনি। ইরান মনে করছে, ওয়াশিংটন যদি তাদের শর্তগুলো পুনর্মূল্যায়ন না করে, তবে আলোচনার টেবিলে ফিরে আসার কোনো সুনির্দিষ্ট তাগিদ তাদের নেই।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল কার্যকর হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে ইসলামাবাদের এই শান্তি আলোচনা ছিল বড় ধরণের একটি কূটনৈতিক বিজয়। তবে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সেই আশা এখন ম্লান হয়ে গেছে।
আরটিভি/এআর