images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের নীরবতা, কূটনীতি না যুদ্ধের ইঙ্গিত

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০২:০৬ পিএম

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হয়েছে। টানা ২১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বরাজনীতির এই সংকটময় মুহূর্তে ট্রাম্পের এই নীরবতাকে বিশ্লেষকরা ‘অস্বাভাবিক ও উদ্বেগজনক’ হিসেবে দেখছেন।

রোববার (১২ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।    

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণত যেকোনো গুরুত্বপূর্ণ আলোচনার পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া জানান। কিন্তু এবার খোদ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ থেকে খালি হাতে ফেরার পরও প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো বার্তা না আসা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে।

আরও পড়ুন
12

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি, নাকচ করল ইরান

কয়েক দিন আগেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এই সংঘাতের জেরে একটি ‘সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’। এমন চরম বার্তার পর বর্তমানের এই নীরবতা মূলত ঝড়ের আগের নিস্তব্ধতা কি না, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে, জেডি ভ্যান্স সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে একটি সুনির্দিষ্ট প্রস্তাব রেখে এসেছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়ভার সম্পূর্ণ তেহরানের ওপর।

ইসলামাবাদের সংলাপ শেষ হলেও এখন বড় প্রশ্ন হলো- কূটনীতি কি এখানেই শেষ, নাকি আবার নতুন করে আলোচনা শুরু হবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবস্থানের ওপর, কিন্তু এখনো তিনি এ বিষয়ে কিছু বলেননি।

বর্তমানে দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ আরও মাত্র ১০ দিন বাকি। পাকিস্তানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা জোর চেষ্টা চালাচ্ছেন যাতে এই সময়ের মধ্যে কোনো একটি সমঝোতায় পৌঁছানো যায়। কিন্তু ট্রাম্পের ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া কোনো চুক্তিই যে স্থায়ী রূপ পাবে না, তা অনেকটা নিশ্চিত।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মতো পূর্ববর্তী আলোচনাগুলো বছরের পর বছর ধরে চললেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। চলমান যুদ্ধের কারণে নতুন করে বেশ কিছু জটিল ইস্যু তৈরি হয়েছে, যার কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’। ইসলামাবাদে আপাতত কূটনীতির সমাপ্তি ঘটলেও প্রশ্ন উঠছে—প্রকৃতপক্ষে কি আলোচনার পথ বন্ধ হয়ে গেল?

আরটিভি/এআর