images

আন্তর্জাতিক

পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি, টোল দিতে হবে ইরানি মুদ্রায়

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৭:৩৯ পিএম

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রণালিটি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে দাবি করে সেখানে জাহাজ চলাচলে টোল আরোপের কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি।

ইরানের রাষ্ট্রায়ত্ত মেহের নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, হাজি বাবায়ি হরমুজ প্রণালিকে তেহরানের জন্য রেড লাইন হিসেবে উল্লেখ করেছেন।

তিনি দাবি করেন, এই জলপথ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এখানে চলাচলের ক্ষেত্রে ইরানি মুদ্রা ‘রিয়াল’-এ টোল পরিশোধ করতে হবে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা একে বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

এদিকে পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের পর সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় হরমুজ প্রণালি একটি বড় অচলাবস্থার কারণ ছিল।  

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার সময় কুস্তি দেখছিলেন ট্রাম্প

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার ইতোমধ্যে প্রণালি অতিক্রম করেছে এবং সমুদ্রপথকে মাইনমুক্ত করার বৃহত্তর মিশনের অংশ হিসেবে কাজ করছে।

তবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির দাবি, মার্কিন জাহাজগুলো প্রণালি দিয়ে অতিক্রম করেনি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে সামরিক জাহাজ চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

আরটিভি/এমএইচজে