images

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ আজ থেকে কার্যকর

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ১১:৫৫ এএম

ইরানের বন্দরগুলোতে সোমবার(১৩ এপ্রিল) থেকে অবরোধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের স্থানীয় সময় সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

সেন্টকোম এক বিবৃতিতে জানায়, আরব সাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দরসহ দেশটির উপকূলীয় এলাকায় প্রবেশ ও নির্গমন কার্যত বন্ধ করে দেওয়া হবে।

সেন্টকোমের তথ্যমতে, অবরোধ কার্যকর হলে কোনো জাহাজ ইরানের বন্দরে ভিড়তে পারবে না। একইসঙ্গে বর্তমানে যেসব জাহাজ ইরানি বন্দরে অবস্থান করছে, সেগুলোকেও বন্দর ত্যাগ করে বাইরে যেতে দেওয়া হবে না। কোনো জাহাজ এই নির্দেশনা অমান্য করলে সেটিকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সেন্টকোম জানায়, এই অবরোধ সব দেশের জাহাজের ওপর নিরপেক্ষভাবে প্রযোজ্য হবে। 

তবে হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ ইরান ছাড়া অন্য দেশের বন্দরের উদ্দেশে যাতায়াত করবে, সেগুলোর চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথে অবরোধের হুমকি দেন।

সেন্টকোম জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর সুবিধার্থে অবরোধ কার্যকরের আগে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুন
TRUMP

ইরানে আবার নতুন করে হামলার ভাবনা ট্রাম্পের

বিশ্লেষকদের মতে, এই অবরোধ কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

সূত্র : রয়টার্স

আরটিভি/এসকে