images

আন্তর্জাতিক

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৩:৩৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক যুবক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত পুলিশ ও দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টায় তাকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়েছে।

রোববার (১২ এপ্রিল) পুরুলিয়া শহরের দুলমি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা দেখতে পান, একটি উঁচু পানির ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে চিৎকার করছেন এক যুবক। তার একটাই দাবি তিনি বিয়ে করতে চান। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়লে সেখানে শত শত মানুষ জড়ো হন।

জানা গেছে, ওই যুবকের নাম আব্বাস আনসারী (২২)। তিনি পুরুলিয়া মফস্বল থানার রামপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি তার মধ্যে বিয়ের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয় এবং তিনি নিয়মিতই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।

পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে সম্মতি থাকলেও হঠাৎ এমন পরিস্থিতির সৃষ্টি হবে তা তারা ভাবেননি। আব্বাসের বাবা হাবিব আনসারী জানান, “ছেলে বিয়ের দাবি করছিল, আমরাও রাজি ছিলাম। কিন্তু সকালে দেখি সে পানির ট্যাঙ্কে উঠে গেছে।”

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ সময় ধরে চলে বোঝাপড়া ও উদ্ধার প্রচেষ্টা। নিচে দাঁড়িয়ে পরিবারের সদস্যরাও তাকে নামার জন্য অনুরোধ করেন।

আরও পড়ুন
IRAN

ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ আজ থেকে কার্যকর

শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে-সুঝিয়ে এবং বিয়ের আশ্বাস দেওয়ার পর আব্বাসকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হয় পুলিশ ও দমকলকর্মীরা। বর্তমানে তিনি নিরাপদে আছেন বলে জানা গেছে।


আরটিভি/এসকে