images

আন্তর্জাতিক

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যে ক্ষেপলেন ইতালির প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৮:৩৭ এএম

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ লিওকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে মেলোনি বলেন, পোপ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য ‘গ্রহণযোগ্য নয়’। তিনি জোর দিয়ে বলেন, পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। তিনি শান্তির আহ্বান জানাবেন এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করবেন এটাই স্বাভাবিক ও সঠিক।

এর আগে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পোপের সমালোচনা করে বলেন, আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তা গ্রহণযোগ্য বলে মনে করেন। তিনি এমন একজন ব্যক্তি, যিনি চান আমরা এমন দেশগুলোর ব্যাপারে নরম থাকি, যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে বিশ্বকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে।

এছাড়া ট্রাম্প পোপকে দুর্বল এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে অনুপযুক্ত বলেও মন্তব্য করেন। বিশ্লেষকরা মনে করছেন, ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের মধ্যে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।


সূত্র: সিএনএন

আরটিভি/এসকে