images

আন্তর্জাতিক

ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলল চীন

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৩:৫১ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে চীন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন— ইরানের কোনো জাহাজ যদি বন্দর ছাড়তে বা প্রবেশ করতে চায়, তবে তা ডুবিয়ে দেওয়া হতে পারে।

বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে ঝুঁকির মুখে ফেলবে।

এদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে তথ্য পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবও যুক্তরাষ্ট্রকে এই অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক তেল সরবরাহে বড় সংকট তৈরি করবে।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আবারও ইসলামাবাদে বৈঠকে বসতে পারেন। সাম্প্রতিক বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল।

আরও পড়ুন
Web-Image---Copy

ট্রাম্পকে আমি ভয় পাই না: পোপ লিও

এদিকে দীর্ঘ কয়েক দশক পর সরাসরি আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল। তবে এতে বড় কোনো অগ্রগতির সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন সরকারকে ইসরায়েলের সঙ্গে চলমান আলোচনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

এই সংঘাতের সুযোগে রাশিয়ার তেল রপ্তানি আয় মার্চ মাসে বেড়ে প্রায় ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। একইসঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার সম্ভাবনা এখনও অনিশ্চিত। সূত্র: ফ্রান্স টোয়েন্টি ফোর

আরটিভি/এমএইচজে