বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১০:০১ পিএম
চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি'র একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনের শেনঝেন শহরের পিংশান জেলায় অবস্থিত বিওয়াইডির একটি উৎপাদন কেন্দ্রের ভেতরে থাকা বহুতল পার্কিং গ্যারেজে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনটিকে গ্রাস করে ফেলে, ফলে আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়।
স্থানীয় দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মা লুয়ান অঞ্চলে অবস্থিত এই ত্রিমাত্রিক পার্কিং অবকাঠামোতে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।
কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটি মূলত পরীক্ষামূলক, যাচাইকরণ এবং বাতিল করা যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে উৎপাদনাধীন বা গ্রাহকদের জন্য প্রস্তুত কোনো গাড়ি রাখা ছিল না। বিওয়াইডিও একই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের বড় একটি অংশজুড়ে আগুন জ্বলছে এবং আশপাশের শিল্পাঞ্চলে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে দমকল ও পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধারকাজ চালাতে দেখা যায়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাইরের নির্মাণকাজে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে উৎপাদিত গাড়ির ব্যাটারি সংক্রান্ত কোনো নিরাপত্তা ত্রুটির বিষয়টি স্থানীয় গণমাধ্যমে নাকচ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে বিওয়াইডির পিংশান প্ল্যান্টের মূল উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও তদন্তাধীন রয়েছে।
আরটিভি/এসকে