বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১০:৫৭ পিএম
বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে আগামী তিন বছরে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে বিবিসি। ব্যয় ১০ শতাংশ কমানোর লক্ষ্যে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সর্বস্তরের কর্মী বৈঠকে এ তথ্য জানানো হয়।
তবে ঠিক কোন বিভাগ বা কোন কর্মীরা এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় ১৫ বছরের মধ্যে এটি প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা কমানোর সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কভার করার দায়িত্বপ্রাপ্ত টিম ছোট করার পরিকল্পনাও জানিয়েছে বিবিসি। নতুন কাঠামো অনুযায়ী, এ দায়িত্বে একজন স্থায়ী কর্মী থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী ফ্রিল্যান্সারদের সহায়তা নেয়া হবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবিসি জানিয়েছিল, আগামী তিন বছরে শত শত মিলিয়ন পাউন্ড ব্যয় কমানোর লক্ষ্য রয়েছে তাদের। আর্থিক চাপের মুখে থাকা প্রতিষ্ঠানটি ২০২৯ সালের মধ্যে মোট ব্যয়ের প্রায় ১০ শতাংশ সাশ্রয় করতে চায়। তবে কোন কোন সেবায় এর প্রভাব পড়বে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
২০২৫ সালের জানুয়ারিতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস প্রায় ৬ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে ১৩০টি চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছিল।
বর্তমানে যুক্তরাজ্যের টেলিভিশন দর্শকদের বার্ষিক লাইসেন্স ফি (আগে ১৭৪.৫০ পাউন্ড) থেকে অর্থায়িত এই বিবিসি বর্তমানে নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতার কারণে আর্থিক চাপের মুখে রয়েছে। ১ এপ্রিল থেকে এই লাইসেন্স ফি বাড়িয়ে বছরে ১৮০ পাউন্ড করা হয়েছে।
এদিকে ম্যাট ব্রিটিন আগামী ১৮ মে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। বিদায়ী মহাপরিচালক টিম ডেভি গত ২ এপ্রিল পদত্যাগ করেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রোড্রি টালফান ডেভিস, এবং ধারণা করা হচ্ছে তিনিই কর্মী বৈঠকটি পরিচালনা করেছেন।
সূত্র: ইন্ডিপেনডেন্ট
আরটিভি/এসকে