বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১১:০৭ পিএম
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বিশ্ববাসীকে সামনে দুইটি অসাধারণ দিনের’ জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
এর আগে রোববার (১২ এপ্রিল) পাকিস্তানে অনুষ্ঠিত যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পুনরায় আলোচনায় বসতে ইসলামাবাদে ফেরার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।
এবিসি নিউজের প্রতিবেদক জনাথন কার্লের এক পোস্ট অনুযায়ী, ট্রাম্প বলেন, আমার মনে হয়, আপনারা সামনে দুইটি অসাধারণ দিন দেখতে চলেছেন। তিনি আরও ইঙ্গিত দেন, আগামী সপ্তাহে শেষ হতে যাওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।
এদিকে ফক্স বিজনেস নেটওয়ার্ক দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা প্রায় শেষের পথে। আমি এটাকে সমাপ্তির খুব কাছাকাছি বলেই মনে করি। দেখা যাক কী হয় তারা একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তান, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা আশা করছেন, খুব শিগগিরই উভয় পক্ষ আবারও ইসলামাবাদে আলোচনায় বসতে পারে।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এগিয়ে নিতে একটি প্রতিনিধিদলসহ আসিম মুনির ইরানে পৌঁছেছেন। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নির্ধারণে আগামী কয়েকদিনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে