images

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে চীনের আহ্বান

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৪:৪৪ পিএম

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে চীন এবার এই প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এতে করে কূটনৈতিক ও সামরিক দুই দিক থেকেই সংকট আরও জটিল হয়ে উঠছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল চালু করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে, তবে একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রণালিটি খুলে দেওয়ার বিষয়ে সবারই অভিন্ন স্বার্থ রয়েছে। চীন যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফিরে যাওয়ার পক্ষে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, গত সোমবার থেকে কার্যকর হওয়া নৌ অবরোধের পর হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজই অবরোধ ভেঙে যেতে পারেনি।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানের উপকূলের দিকে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে তারা আটকে দেবে বা ফিরে যেতে বাধ্য করবে। তবে অন্য দেশ থেকে আসা বা অন্য গন্তব্যে যাওয়া জাহাজগুলোকে প্রণালি দিয়ে যেতে দেওয়া হবে।

আরও পড়ুন
6

এবার হরমুজে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের 

গত রাতে দেওয়া এক আপডেটে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এখন পর্যন্ত ১০টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সোমবার অবরোধ শুরুর পর থেকে কোনো জাহাজই এটি ভেঙে যেতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, জাহাজ চলাচলের ওপর ইরানের আরোপিত টোল বন্ধ করে এবং তেল রপ্তানি কমিয়ে দেশটির ওপর চাপ সৃষ্টি করা যাবে।

অন্যদিকে ইরান এই অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে এবং প্রয়োজনে উপসাগরীয় অঞ্চল, ওমান উপসাগর এবং লোহিত সাগরে জাহাজ চলাচলকে লক্ষ্য করে তারা পাল্টা পদক্ষেপ নেবে বলে হুমকি দিয়েছে।

আরটিভি/এসএস