মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৪:৩৯ পিএম
অভিনব ব্যবসায়িক ধারণা নিয়ে আলোচনায় এসেছেন এক যুবক। বিলাসবহুল রোলস-রয়েস গাড়িতে চা বিক্রির আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি।
জানা গেছে, ডিলাক্স ভাইজি নামে পরিচিত ওই যুবক একদিনের জন্য প্রায় ১ লাখ টাকায় একটি রোলস-রয়েস গাড়ি ভাড়া নেন। তার লক্ষ্য ছিল ‘রয়াল চা’ নামে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করা— যেখানে গ্রাহকরা চা পান করার পাশাপাশি বিলাসবহুল গাড়িতে ঘোরার সুযোগ পাবেন।
এই উদ্যোগকে আকর্ষণীয় করতে বিশেষ আয়োজন করা হয়। রাস্তার পাশে চা তৈরির ব্যবস্থা, পোস্টার, রেড কার্পেট, সঙ্গে বিস্কুট ও হালকা নাশতার ব্যবস্থা রাখা হয়। এক কাপ চায়ের দাম নির্ধারণ করা হয় ৩০০ টাকা, আর গাড়িতে ঘোরাসহ পুরো প্যাকেজের মূল্য রাখা হয় প্রায় ১ হাজার টাকা।
ব্যতিক্রমী এই অভিজ্ঞতা নিতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভিড় করেন। চা পান করতে করতে বিলাসবহুল গাড়িতে ঘোরার সুযোগ— এমন অভিজ্ঞতা অনেকের কাছেই ছিল একেবারে নতুন।
তবে দিনের শেষে হিসাব মেলেনি। ওই যুবক জানান, পুরো আয়োজন করতে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ ৮ হাজার টাকা, আর আয় হয়েছে ৮৮ হাজার ৪০০ টাকা। ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে।
তবুও তিনি হতাশ নন। তার ভাষায়, লাভ না হলেও মানুষকে ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে পেরেছি, সেটাই আমার বড় প্রাপ্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ‘রয়াল চা’ উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করে বলছেন— নতুন কিছু করার সাহসই প্রকৃত উদ্যোক্তার পরিচয়। সূত্র: এইসময়
আরটিভি/এমএইচজে