মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৮:২১ পিএম
পাকিস্তান নৌবাহিনী তাদের আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা সম্পন্ন করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বা আইএসপিআর এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর তাদের বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি মূলত একটি উন্নত মানের জাহাজ ধ্বংসকারী অস্ত্র ব্যবস্থা হিসেবে কাজ করবে। পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় এই ক্ষেপণাস্ত্রটি অসাধারণ নির্ভুলতা প্রদর্শন করেছে।
সামরিক পর্যবেক্ষকদের মতে তৈমুর ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করেছে। এটি প্রচলিত যুদ্ধের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর বহুমুখী এবং সমন্বিত আঘাত হানার ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। বিভিন্ন ধরনের সামরিক প্ল্যাটফর্মের মধ্যে অভিযানগত সমন্বয় বৃদ্ধি করার ক্ষেত্রে এই প্রযুক্তি বড় ধরনের ভূমিকা পালন করবে। আধুনিক সমরাস্ত্রের দৌড়ে পাকিস্তান যে ক্রমাগত তাদের সক্ষমতা বাড়াচ্ছে এই পরীক্ষার মাধ্যমে তা আবারও স্পষ্ট হলো।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান নৌবাহিনী একের পর এক সমরাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর আগে গত ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। তারও আগে চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর আরব সাগরে কমপ্রিহেনসিভ এক্সারসাইজের সময় নৌবাহিনী সফলভাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
আরটিভি/এআর