শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৩:১৬ পিএম
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার সংঘাতের জেরে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে আকাশসীমা খুলে দিয়েছে কুয়েত। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বৃহস্পতিবার(২৩ এপ্রিল) থেকে পুনরায় বেসামরিক বিমান চলাচলের জন্য দেশটির আকাশসীমা উন্মুক্ত করা হয়েছে।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার বিষয়টি বিবেচনা করেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক বলেছেন, এটি দেশটিতে বিমান চলাচল স্বাভাবিক করার প্রথম এবং বড় একটি ধাপ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত যখন তুঙ্গে ছিল, তখন নিরাপত্তার খাতিরে আকাশসীমা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল।
মূলত ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল। সেই ভয়াবহ সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার শিকার হয়েছিল। হামলায় বিমানবন্দরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, কর্তৃপক্ষ ইতিমধ্যে তা যাচাই ও নথিভুক্ত করেছে। গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করে। সেই স্থিতিশীলতার ওপর ভিত্তি করেই কুয়েত কর্তৃপক্ষ তাদের আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এদিকে, সংকটকালীন সময়ে কুয়েতি বিমানগুলোকে নিজেদের বিমানবন্দরে আশ্রয় দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ। বিমান চলাচলের এই সুযোগ না থাকলে তাদের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারত। বর্তমানে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর তাদের কার্যক্রম পুরোপুরি চালু করার প্রস্তুতি গ্রহণ করছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইটগুলো তাদের নিয়মিত সময়সূচিতে ফিরতে পারবে।
আরটিভি/এআর