শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৩:২৬ পিএম
মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ওমান সাগর ও হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। একদিকে মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি ফাঁকি দিয়ে ইরানের একটি পণ্যবাহী জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছেছে, অন্যদিকে ভারত মহাসাগরে ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর আনাদোলু এজেন্সির।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চালবাহী একটি ইরানি জাহাজ মার্কিন নৌবাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবরুদ্ধ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। এই যাত্রাপথে জাহাজটিকে সুরক্ষা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিশেষ নৌ-ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে নিজেদের বাণিজ্যিক জাহাজকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
ঠিক একই সময়ে বিপরীতমুখী একটি ঘটনা ঘটেছে ভারত মহাসাগরে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা ম্যাজেস্টিক এক্স নামের ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে। পেন্টাগনের দাবি, ইরানের তেল পাচার নেটওয়ার্ক ভাঙার লক্ষ্যেই তারা এই অভিযান চালিয়েছে। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্যমতে, বিশ্বজুড়ে সামুদ্রিক নজরদারি কার্যক্রমের অংশ হিসেবেই তারা এই জাহাজটি আটক করেছে এবং যেখানেই প্রয়োজন হবে, সেখানেই তারা এমন অভিযান পরিচালনা করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, ইরান তাদের তেল পাচার নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করছে। এই নেটওয়ার্ক ভাঙতে তারা বিভিন্ন সময় সামরিক অভিযানের আশ্রয় নেয়। অন্যদিকে, ইরান এই ধরনের পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে। তারা হরমুজ প্রণালিকে নিজেদের প্রভাব বলয়ের অংশ মনে করে এবং সেখানে মার্কিন উপস্থিতিকে সবসময়ই উসকানিমূলক হিসেবে দেখে।
আরটিভি/এআর