রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৬:৩৬ পিএম
যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েন ছিল বলে জানা গেছে।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির একটি ভবনে আগুন লাগে। ঘাঁটিটি ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত এবং এটি ইউরোপে মার্কিন বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অপারেশন কেন্দ্র হিসেবে পরিচিত।
প্রাথমিকভাবে জানা গেছে, রাত প্রায় ১টার দিকে একটি পরিত্যক্ত ভবনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ভবনের ছাদ ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার ভিডিও ও ছবিতে দেখা যায়, ভবনটি দাউ দাউ করে জ্বলছে এবং দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনছেন। ঘটনাস্থলে গ্লুচেস্টারশায়ার ও অক্সফোর্ডশায়ারের ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নেভানোর কাজে রয়্যাল এয়ার ফোর্সের কোনো সদস্য সরাসরি অংশ নেয়নি। পাশাপাশি মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে, আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং কারণ অনুসন্ধান চলছে।
দমকল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, আগুনটি দুর্ঘটনাজনিত হতে পারে।
সাম্প্রতিক সময়ে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বোমারু বিমান (বিশেষ করে বি-৫২) মোতায়েনের কারণে আলোচনায় ছিল। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এ ঘাঁটির ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং সাম্প্রতিক দিনগুলোতে সেখানে যুদ্ধবিরোধী বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘাঁটির ভেতর বা আশপাশের এলাকায় কোনো ঝুঁকি নেই। একই সঙ্গে তারা স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
এ ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সূত্র: দ্য সান
আরটিভি/এমএইচজে