সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০১:৫২ পিএম
ট্রেনের ভিড়ের মধ্যে এক তরুণীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগে এক তরুণকে প্রকাশ্যে চড় মারার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, যাত্রীতে ঠাসা একটি ট্রেনের কামরার মধ্যে এক তরুণী বারবার এক তরুণকে চড় মারছেন। তরুণীর অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে ওই তরুণ তাকে খারাপভাবে স্পর্শ করেছেন। যদিও অভিযুক্ত তরুণ বারবার দাবি করেন, তিনি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি ধাক্কাধাক্কির মধ্যে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ লেগে যেতে পারে বলে সাফাই দেন।
তবে তরুণী তার বক্তব্যে অনড় থাকেন এবং ক্ষোভে ফেটে পড়েন। তিনি একের পর এক চড় মারতে থাকেন, এমনকি তরুণ হাত তুলে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও থামেননি। আশপাশে থাকা অন্যান্য যাত্রীদের বেশিরভাগকেই ঘটনাটি নীরবে দেখতেই দেখা যায়, কেউ এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেননি।
ভিডিওটি ‘ঘর কে কলেশ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে এটি হাজার হাজার বার দেখা হয়েছে এবং নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই তরুণীর প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ ঘটনাটির পূর্ণ প্রেক্ষাপট না জেনে এমন প্রতিক্রিয়ার সমালোচনাও করেছেন।
Kalesh inside Indian Railways over this guy allegedly touched the girl pic.twitter.com/9vdoSJLH0W
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 21, 2026
এই ঘটনাকে ঘিরে আবারও জনসমাগমপূর্ণ স্থানে নারী নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি, যাতে সত্য ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হয়।
আরটিভি/এসকে