মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০১:১০ পিএম
অস্ট্রেলিয়ার উপকূল থেকে নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে ছিলেন আইজ্যাক ফেনেক নামের এক যুবক। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার নৌকার পাশে চলে আসে একটি বিষাক্ত সামুদ্রিক সাপ, যা ‘অলিভ সি স্নেক’ নামে পরিচিত।
ভিডিওতে দেখা যায়, সাপটি নৌকার খুব কাছাকাছি ভেসে এলে আইজ্যাক কৌতূহলবশত হাত বাড়িয়ে সেটিকে স্পর্শ করেন। কিন্তু মুহূর্তেই চমকে গিয়ে তিনি হাত সরিয়ে নেন। পরে তিনি জানান, সাপটি অপ্রত্যাশিতভাবে নরম অনুভূত হয়েছিল।
কিছুক্ষণ পরেই সাপটি হিসহিস শব্দ করতে শুরু করলে তিনি কিছুটা আতঙ্কিত হয়ে পিছিয়ে যান। এরপর সাপটি সাঁতরে দূরে চলে যায়।
ঘটনাটির ভিডিওটি আইজ্যাক নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন, যা ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ মজার মন্তব্যও করেছেন।
একজন লিখেছেন, সামুদ্রিক সাপ সাধারণত আক্রমণ করে না, তবে সাবধান থাকা জরুরি। আরেকজন মজা করে লিখেছেন,মনে হচ্ছে সমুদ্রের মধ্যে চাউমিন ভেসে বেড়াচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, অলিভ সি স্নেককে সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক সরীসৃপগুলোর একটি হিসেবে ধরা হয়। সাধারণত এরা আক্রমণাত্মক নয়, তবে বিপদ অনুভব করলে বা ধরা পড়লে কামড় দিতে পারে, যা বিপজ্জনক হতে পারে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়া উপকূলে।
আরটিভি/এসকে