images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

শনিবার, ০২ মে ২০২৬ , ১১:১৭ এএম

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) ঘটে যাওয়া এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শিনহুয়া ও ডন।

জানজানের আনসার আল-মাহদি কর্পসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার সময় ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার কাজ চলছিল। সেই সময়ই অজ্ঞাত ধরনের একটি গোলাবারুদের বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন
Web-Image

‘হুমকি থামলেই কথা’, যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

বিবৃতিতে আরও জানানো হয়, নিহতরা সবাই অভিজ্ঞ ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ছিলেন। এই বাহিনী এর আগে ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে বলেও দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালায়। এতে তৎকালীন শীর্ষ নেতৃত্ব ও বেসামরিক নাগরিক নিহত হন বলে দাবি করে ইরান। এরপর পাল্টা হিসেবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

সর্বশেষ এই দুর্ঘটনায় নতুন করে উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে ইরানে।
 

আরটিভি/জেএমএ