images

আন্তর্জাতিক

২৪ বছর পর যেভাবে মাকে ফিরে পেলেন তরুণী, ভিডিও ভাইরাল

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১২:৪৩ পিএম

প্রায় আড়াই দশক বিচ্ছেদের পর ভিডিও কলে জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা হল সারা নামের এক তরুণীর। সুদূর যুক্তরাষ্ট্রে থাকা সারা এবং ভিয়েতনামে থাকা তার মায়ের এই পুনর্মিলনের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মায়ের মুখ প্রথমবার পর্দায় ভেসে উঠতেই সারা আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তার চোখে পানি চলে আসে। দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা, অসংখ্য প্রশ্ন আর শূন্যতার অনুভূতি যেন একসঙ্গে ভেঙে পড়ে সেই মুহূর্তে। 

অন্যদিকে, মাও মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন। দুই প্রান্তে অবস্থান করলেও তাদের আবেগ যেন দূরত্বকে অতিক্রম করে এক হয়ে যায়। ভাষাগত ব্যবধান থাকায় সারার পাশে থাকা একজন ব্যক্তি অনুবাদের মাধ্যমে তাদের কথোপকথনে সহায়তা করেন।

প্রতিবেদনে জানা যায়, ভিয়েতনামের বিভিন্ন স্থান থেকে খোঁজ চালিয়ে অবশেষে এই পুনর্মিলন সম্ভব হয়। সারার কাছে থাকা কিছু পুরনো ছবি ও স্মৃতির সূত্র ধরে দীর্ঘ অনুসন্ধানের পর মায়ের খোঁজ মেলে।

ভিডিওটি ‘কাইলি ডট নেট’ ও সারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশের পর থেকে লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছেন। এতে লাখেরও বেশি লাইক ও অসংখ্য মন্তব্য এসেছে। অনেকেই মন্তব্যে আবেগ প্রকাশ করে লিখেছেন, রক্তের টান কখনও হারিয়ে যায় না।

এই হৃদয়ছোঁয়া পুনর্মিলন আবারও মনে করিয়ে দিয়েছে, দীর্ঘ বিচ্ছেদ থাকলেও সম্পর্ক ও অনুভূতির বন্ধন সময়ের ব্যবধানকে অনেক সময়ই হার মানিয়ে দেয়।

আরটিভি/এসকে