মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০১:০০ পিএম
উত্তরপ্রদেশের বরেলীতে ১২০০ টাকা বকেয়া নিয়ে এক তরুণীকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠেছে এক মধ্যবয়সি মহিলার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি মনোহারি দোকানের বাইরে এক মধ্যবয়সি মহিলা এক তরুণীকে পরপর কয়েকটি চড় মারছেন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মোট পাঁচবার চড় মারা হয় বলে ভিডিওতে দেখা যায়। ওই সময় তরুণীকে কোনো প্রতিরোধ করতে দেখা যায়নি; তিনি নীরবে আঘাত সহ্য করেন।
প্রত্যক্ষদর্শীদের কেউ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভিডিও অনুযায়ী, দোকানের ভেতরে বসে থাকা এক যুবককেও পুরো ঘটনা দেখলেও হস্তক্ষেপ করতে দেখা যায়নি।
জানা গেছে, প্রায় ১২০০ টাকা বকেয়া পাওনা নিয়েই এই ঘটনার সূত্রপাত। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয় বলে দাবি করা হচ্ছে।
ভিডিওটি ঘর কা কলেশ নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। প্রকাশের পর থেকেই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকে ঘটনাটিকে নিন্দা জানিয়ে এটিকে দুর্বলের ওপর সবলের অত্যাচার বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন শারীরিকভাবে আঘাত করে কি অর্থ উদ্ধার করা যায়?
ঘটনাটি রাজনৈতিক মহলেরও নজরে এসেছে। কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে এক্সে পোস্ট করে মন্তব্য করেন, কারও কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দিতে না পারা অপরাধ হলেও, শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
Bareilly, UP: Rich woman brutally slaps & beats poor girl over unpaid ₹1200 ration debt🥲 pic.twitter.com/1Dg1sFe8fx
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 28, 2026
এ ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।
আরটিভি/এসকে