images

আন্তর্জাতিক

বিজেপির জয় অনৈতিক, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০১:৩১ পিএম

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে ভরাডুবি হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস-এর। এই ফলাফলকে ‘অনৈতিক জয়’ বলে মন্তব্য করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার ফলাফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়েছে বিজেপি প্রার্থীরা।

এই নির্বাচনে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা পরাজিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভবানীপুর আসনে তিনি পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী-এর কাছে।

ভোটগণনার দিন সোমবার দুপুরে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্রে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সময় পর সেখানে পৌঁছান শুভেন্দু অধিকারীও। তবে বিকেলের দিকে গণনা শেষ হওয়ার আগেই কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন তৃণমূল নেত্রী।

গণনাকেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, তাকে কেন্দ্রের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তার ভাষায়, “পুরো প্রক্রিয়াই একতরফা। আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। সিআরপিএফ-এর সামনেই এসব হয়েছে। আমি প্রার্থী হয়েও ভেতরে ঢুকতে পারিনি।

তিনি আরও অভিযোগ করেন, ১০০টিরও বেশি আসনে লুট হয়েছে। এই নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এটা কোনো নৈতিক জয় নয়, এটা ইমমোরাল ভিক্ট্রি পুরোটাই বেআইনি।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। পরে সেখান থেকে কালীঘাটের বাসভবনে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
MESSI-ND-MOMOTA

তৃণমূলের পরাজয়ের পর আলোচনায় কেন ফিরে এলো ‘মেসির স্মৃতি’

এদিকে নির্বাচনে ভরাডুবির পর স্বাভাবিকভাবেই হতাশ তৃণমূলের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কালীঘাটের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের পরবর্তী কর্মপন্থা ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি।

সূত্র : আনন্দবাজার

আরটিভি/এসকে