images

আন্তর্জাতিক

মসজিদ বাড়ি হলো নেতাজি পল্লি, সিরাজ উদ্যান হলো শিবাজি উদ্যান

বুধবার, ০৬ মে ২০২৬ , ১১:১০ এএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর উত্তর ২৪ পরগনার বারাসাতে একাধিক স্থানের নাম পরিবর্তন ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় নোয়াপাড়া এলাকায় রাতারাতি ‘মসজিদবাড়ি রোড’এর নাম পরিবর্তন করে ‘নেতাজিপল্লি রোড’ লেখা সাইনবোর্ড দেখা যায়। একইভাবে ‘সিরাজ উদ্যান’এর নাম সরিয়ে সেখানে ‘শিবাজি উদ্যান’ লেখা নতুন বোর্ড বসানো হয়েছে।

এই আকস্মিক পরিবর্তনকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটি অংশ এতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

নাম পরিবর্তন প্রসঙ্গে অনির্বাণ বিশ্বাস নামে এক বিজেপি সমর্থক দাবি করেন, স্থানীয়ভাবে কিছু নাম নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ছিল। তার ভাষ্য অনুযায়ী, এসব পরিবর্তন সাধারণ মানুষের উদ্যোগে হয়েছে এবং রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা নেই।

অন্যদিকে, আরও এক স্থানীয় সমর্থক মন্তব্য করেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক এলাকায় মানুষ নিজেদের মতো করে নাম পরিবর্তন ও সংস্কারের উদ্যোগ নিচ্ছে।

এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। জামুড়িয়া, বারাবনি ও শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। টালিগঞ্জ, বারুইপুর, কামারহাটি ও হাওড়াসহ একাধিক এলাকায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দিনহাটায় সংঘর্ষ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয় বলেও জানা যায়। যদিও এসব ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্ব তা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে।

আরও পড়ুন
russia

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ২৬ জন নিহত, উত্তেজনা চরমে

বারাসাতে নাম পরিবর্তন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে পুলিশ টহল জোরদার করেছে এবং প্রশাসন জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/এসকে