images

আন্তর্জাতিক

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বুধবার, ০৬ মে ২০২৬ , ০১:৩৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রতিক নির্বাচনের ফল ঘোষণার পরই বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ উঠেছে। এর মধ্যে রাজধানী কলকাতার নিউমার্কেট এলাকায় একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিজেপির বিজয় মিছিল থেকে এই ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থল ছিল কলকাতার ঐতিহ্যবাহী নিউমার্কেট সংলগ্ন এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং পোস্টে দেখা যায়, একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করেন, পুলিশের অনুমতি নিয়েই ওই বিজয় মিছিল বের করা হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। তিনি বলেন, জয়ের উদযাপন হিসেবেই এই ভাঙচুর চালানো হয়েছে।

অন্যদিকে, লোকসভার সদস্য মহুয়া মৈত্র ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের দাবি, বিজয় মিছিলের অনুমতি দেওয়া হলেও সেখানে বুলডোজার ব্যবহারের কোনো অনুমতি দেওয়া হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

এদিকে রাজ্যের বিভিন্ন জেলাতেও সহিংসতার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের একাধিক পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও দখলের ঘটনা ঘটছে।

বিশেষ করে জগৎবল্লভপুর এলাকায় তৃণমূলের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, বিজেপির দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে, যা রাজ্যের বর্তমান পরিস্থিতির উদ্বেগজনক প্রতিফলন।

আরও পড়ুন
oil

বাড়ার পর ফের কমল তেলের দাম

যদিও এসব অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন-পরবর্তী এই সহিংসতা নিয়ে রাজ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/এসকে