বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৮:৫০ এএম
পশ্চিমবঙ্গে গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান চন্দ্রনাথ রথ। এসময় গুলিবিদ্ধ হন গাড়িচালক বুদ্ধদেব বেড়াও।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলকাতা থেকে ফেরার পথে কয়েকজন অস্ত্রধারী গাড়ির গতিরোধ করে হামলা চালায়। গুলি চালানোর পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এ ঘটনাকে “পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড” বলে দাবি করেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় বিজেপি সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে বিজেপি। তবে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার সব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি।
বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গজুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় দখল, ভাঙচুর এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে। পশ্চিম বর্ধমানসহ একাধিক জেলায় রাজনৈতিক সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বেলেঘাটা, নিউ টাউন, বীরভূম, হাওড়া ও উদয়নারায়ণপুরেও সংঘর্ষে হতাহতের খবর পাওয়া গেছে।
মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন এক সিপিএম কর্মী। চলমান সহিংসতা নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে ৭০০ প্লাটুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে সরকার গঠন এবং বিধানসভায় নেতৃত্ব নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। এর মধ্যেই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হত্যার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে।
আরটিভি/এসকে