images

আন্তর্জাতিক

আড়াই ঘণ্টা ধরে একদৃষ্টিতে তাকিয়ে যুবক, প্রতিবাদ করায় পাল্টা চড় খেলেন তরুণী

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০২:২৬ পিএম

চলন্ত ট্রেনে দুই তরুণীর সঙ্গে এক যুবকের বচসা এবং তার জেরে চড় মারার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে নারী নিরাপত্তা, গণপরিবহণে যাত্রীদের আচরণ এবং সহযাত্রীদের নীরবতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রেনের জানালার ধারে বসে রয়েছেন এক তরুণী। তাঁর সঙ্গে ছিলেন বোনও। অভিযোগ, বিপরীত দিকের আপার বার্থে বসে থাকা এক যুবক দীর্ঘক্ষণ ধরে একদৃষ্টিতে তাঁদের দিকে তাকিয়ে ছিলেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে এমন পরিস্থিতি চলার পর ওই তরুণী এবং তাঁর বোন প্রতিবাদ জানান।

অভিযোগ, প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায়, যুবকটি আপার বার্থ থেকে নেমে এসে কোনও কথা না বলেই তরুণীকে চড় মারেন। এরপর দু’পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়।

সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনার সময় কামরায় অন্যান্য যাত্রী উপস্থিত থাকলেও কাউকে হস্তক্ষেপ করতে দেখা যায়নি। ভিডিওতে যুবককে দাবি করতে শোনা যায় যে তিনি একজন সরকারি কর্মী এবং তাঁকে গালিগালাজ করায় তিনি ওই পদক্ষেপ করেছেন। অন্যদিকে তরুণীদের দাবি, দীর্ঘ সময় ধরে অস্বস্তিকরভাবে তাকিয়ে থাকার প্রতিবাদ করাতেই তাঁদের উপর চড়াও হন ওই যুবক।

ভিডিওটি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে ‘অশ্বিনী সোনী’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ভিডিওটি দেখেছেন। নেটাগরিকদের একাংশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, গণপরিবহণে নারী নিরাপত্তা কতটা সুরক্ষিত।

এক নেটাগরিক লেখেন, এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন, এমন পরিস্থিতিতে অবিলম্বে রেল পুলিশ, টিটিই বা রেলের সরকারি হেল্পলাইনে অভিযোগ জানানো প্রয়োজন।

আরও পড়ুন
chandranath

যেভাবে শুভেন্দুর সহকারীকে হত্যা করা হয়

ঘটনাটি নিয়ে সমাজমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরটিভি/এসকে