বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৬:৫১ পিএম
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি চান না চন্দ্রনাথের মা হাসিরানি রথ। তবে, তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (০৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসিরানি বলেন, আমি চাই দোষীরা শাস্তি পাক। তবে, মা হিসেবে আমি তাদের ফাঁসি চাইব না। আমি তাদের যাবজ্জীবন কারাদণ্ড চাই। তিনি চন্দ্রনাথের মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের উত্তেজনাপূর্ণ বক্তব্যকে দায়ী করেন।
তিনি বলেন, তখন শাসকদলের নেতারা গরম গরম বক্তৃতা দিয়েছিলেন। বলেছিলেন, চার তারিখের পর দিল্লির কোনো বাবাও রক্ষা করতে পারবে না। সেটাই তারা দেখিয়ে দিল।
তিনি বলেন, রাজ্যের নতুন সরকার গঠিত হলে তাদের কাছে অনুরোধ করব, আমার ছেলের খুনিদের সাজা দেওয়া হোক।
উল্লেখ্য, বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথকে। এ সময় গাড়িতে তার সঙ্গে আরও একজন ছিলেন। তিনিও হামলায় গুলিবিদ্ধ হন। তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে মধ্যমগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপরজনকে কলকাতায় পাঠানো হয়েছে। ওই রাতেই চন্দ্রনাথের মরদেহ বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে, নিজের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাকে ‘ঠাণ্ডা মাথার খুন’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু বলেন, ঘটনাটি ‘হৃদয়বিদারক’। তার অভিযোগ হামলাকারীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী রথের ওপর হামলা চালিয়েছে।
আরটিভি/এমএম