images

আন্তর্জাতিক

১০০তম জন্মদিনে শুভেচ্ছায় অভিভূত বিশ্বখ্যাত প্রকৃতিবিদ ডেভিড অ্যাটেনবরো

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৯:৫২ এএম

বিশ্বখ্যাত প্রকৃতি বিষয়ক নির্মাতা ও পরিবেশবিদ ডেভিড অ্যাটেনবরো জানিয়েছেন, ১০০তম জন্মদিন উপলক্ষে পাওয়া অসংখ্য শুভেচ্ছা বার্তায় তিনি অনেক অভিভূত হয়েছেন। এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। 

আজ শুক্রবার (৮ মে) ১০০ বছরে পা দিয়েছেন এই কিংবদন্তি সম্প্রচারক। জন্মদিন উপলক্ষে লন্ডনের রয়েল আলবার্ট হলে বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক অডিও বার্তায় ডেভিড অ্যাটেনবরো বলেন, আমি ভেবেছিলাম আমার ১০০তম জন্মদিনটা শান্তভাবেই কাটাবো। কিন্তু মনে হচ্ছে অনেকেরই অন্য পরিকল্পনা ছিল।

তিনি আরও বলেন, প্রি-স্কুলের শিশু থেকে শুরু করে কেয়ার হোমের বাসিন্দা, বিভিন্ন বয়সের অসংখ্য ব্যক্তি ও পরিবারের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছি। আমি সত্যিই অভিভূত।

আরও পড়ুন
L

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা

শুক্রবার (৮ মে) রাতের অনুষ্ঠানে উপস্থাপনা করবেন ব্রিটিশ উপস্থাপক কার্স্টি ইয়াং। বিবিসি ওয়ান ও আইপ্লেয়ারে সম্প্রচারিত ৯০ মিনিটের এই বিশেষ আয়োজনে ডেভিড অ্যাটেনবরোর জীবন ও কাজকে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাইকেল প্যালিন, স্টিভ ব্যাকশল, লিজ বনিন এবং ক্রিস প্যাকহ্যামের মতো তারকারা।  এই অনুষ্ঠানে অ্যাটেনবরোর জনপ্রিয় সিরিজ প্ল্যানেট আর্থ ২, ফ্রোজেন প্ল্যানেট ২ এবং প্ল্যানেট আর্থ ৩-এর বিখ্যাত দৃশ্যগুলোর সঙ্গে সংগীত পরিবেশন করা হবে।

এদিকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারিও টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক আবেগঘন নিবন্ধে ডেভিড অ্যাটেনবরোকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, যুক্তরাজ্যে বড় হওয়া প্রায় সবার কাছে স্যার ডেভিড শুধু একজন উপস্থাপক নন, তিনি এক ধরনের জাতীয় প্রতীক।

১৯২৬ সালের ৮ মে পশ্চিম লন্ডনে জন্ম নেওয়া ডেভিড অ্যাটেনবরো ১৯৫২ সালে বিবিসিতে যোগ দেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দ্য ব্লু প্ল্যানেট, লাইফ অফ আর্থসহ অসংখ্য জনপ্রিয় প্রকৃতি বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

জন্মদিন উপলক্ষে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এক নতুন প্রজাতির বোলতার নামও তার নামে রেখেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, চিলির প্যাটাগোনিয়া অঞ্চলের এই বিরল পরজীবী বোলতার নাম রাখা হয়েছে অ্যাটেনবোরোনকুলাস টাউ (Attenboroughnculus tau)। 

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ