শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৫:৪০ পিএম
পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। এর ফলে ভারতের এই অঙ্গরাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ এখন কেবল সময়ের অপেক্ষা।
আগামীকাল শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। খবর আনন্দবাজার অনলাইনের।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। নির্বাচনের পর বিধানসভার পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। এদিন বিকেলে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অমিত শাহ সাংবাদিকদের বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় আটটি প্রস্তাব এসেছিল এবং সব কটিতেই কেবল শুভেন্দু অধিকারীর নাম ছিল। দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন বিধায়কদের সমর্থনের চিঠি নিয়ে শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের আবেদন জানাবেন।
এর আগে গত বৃহস্পতিবার (৭ মে) পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল আরএন রবি। এর মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এক বিবৃতিতে রাজ্যপাল জানান, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি বিধানসভা ভেঙে দিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। এতে মোট ২৯৪টি আসনের মধ্যে ২০০টিরও বেশি আসনে জয়লাভ করে বিজেপি। এই জয়ের ফলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘ তিন মেয়াদে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে রাজ্যে হিন্দুত্ববাদী এই দলটি।
আরটিভি/এআর