images

আন্তর্জাতিক / ভারত

অবশেষে ‘ম্যাজিক ফিগার’ ছুঁলেন থালাপতি বিজয়!

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৬:২০ পিএম

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে অবশেষে সরকার গঠনের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।

১১৮ জন বিধায়কের প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করে শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় নেতৃত্বাধীন টিভিকে-র জন্য সবচেয়ে বড় সাফল্য এসেছে বাম শিবির থেকে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এবং সিপিএম উভয় দলই বিজয়কে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি ভিসিকের প্রধান থল থিরুমাভালাভানও টিভিকে-র প্রতি সংহতি প্রকাশ করে সমর্থন দিয়েছেন। মিত্রদের এই সমীকরণে তামিলনাড়ুর ক্ষমতা দখলের পথে আর কোনো বাধা রইল না এই মেগাস্টারের।

আরও পড়ুন
9

শুভেন্দুকে নিয়ে বিজেপির চূড়ান্ত সিদ্ধান্ত

রাজনৈতিক হিসাব অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা পূরণ করেছেন বিজয়। এর আগে কংগ্রেসের ৫টি আসনের সমর্থন পাওয়ার পর বর্তমানে সিপিআই-এর ২টি, সিপিএমের ২টি এবং ভিসিকের ২টি আসন যুক্ত হওয়ায় তার ঝুলিতে এখন পর্যাপ্ত বিধায়কের সমর্থন রয়েছে। বাম ও আঞ্চলিক দলগুলোর এই জোরালো সমর্থনে রাজ্য রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকে-র প্রথাগত আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে পড়ল। 

থালাপতি বিজয়ের এই রাজনৈতিক উত্থান কেবল দক্ষিণ ভারতেই নয়, পুরো ভারতের রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। গত বছর দল ঘোষণার পর থেকেই তিনি সাধারণ মানুষের অধিকার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এখন ম্যাজিক ফিগার নিশ্চিত হওয়ায় রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করতে যাচ্ছেন তিনি। শুক্রবার বিকেলের এই সাক্ষাতের পরেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

আরটিভি/এআর