images

আন্তর্জাতিক

একসঙ্গে জন্ম ও একই স্কুল-ক্লাসে পড়াশোনা, ভাইরাল যমজ ভাই-বোনের মার্কশিট

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৬:০২ পিএম

যেন বাস্তবের কোনো সিনেমার গল্প। একসঙ্গে জন্ম, একই স্কুলে ভর্তি, একই ক্লাসে পড়াশোনা আর এবার মাধ্যমিক পরীক্ষাতেও একই নম্বর পেয়ে আলোচনায় এলেন যমজ ভাই-বোন কৌশিক বিশ্বাস ও সুপ্রিয়া বিশ্বাস।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের চাচন্ড বি জে হাইস্কুলের এই দুই শিক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষায় উভয়েই পেয়েছে ৬১১ নম্বর। ফল প্রকাশের পরই তাদের এই অভাবনীয় মিল দেখে হতবাক শিক্ষক, সহপাঠী ও অভিভাবকেরা।

স্কুল সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন কৌশিক ও সুপ্রিয়া। একই শ্রেণিতে পড়াশোনা করার পাশাপাশি তাদের মধ্যে সবসময়ই চলত সুস্থ প্রতিযোগিতা। কখনও কারও নম্বর সামান্য বেশি, কখনও কম ২-৩ নম্বরের ব্যবধানই ছিল নিয়মিত ঘটনা। কিন্তু এবার সেই ব্যবধানও ঘুচে গিয়ে দুইজনই পেলেন হুবহু একই নম্বর।

image

ফলাফল হাতে পাওয়ার পর নিজেরাই বিস্মিত হয়ে যান দুই ভাই-বোন। তারা জানান, আমরা কখনও ভাবিনি একেবারে একই নম্বর পাব।

চাচন্ড বি জে হাইস্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান বলেন, স্কুলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। এটি সত্যিই অসাধারণ একটি অর্জন।

ফল প্রকাশের পর থেকেই বিশ্বাস পরিবারে বইছে আনন্দের বন্যা। মা পিঙ্কি বিশ্বাস জানান, দুজনই ভালো ফল করবে আশা করেছিলাম, কিন্তু একই নম্বর এটা ছিল কল্পনারও বাইরে।

এলাকাজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই যমজ ভাই-বোন। স্থানীয়দের মতে, এটি শুধু একটি ফলাফল নয়, বরং বিরল এক বিস্ময়কর ঘটনা, যা দীর্ঘদিন মনে রাখবে সবাই।

আরটিভি/এসকে