রোববার, ১০ মে ২০২৬ , ০৩:১৪ পিএম
চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে রোববার (১০ মে) তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ বিজয়। আর সেই শপথ অনুষ্ঠানে সামনের সারিতে বসে সবার নজর কাড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় ও রাহুলের এই ঘনিষ্ঠতা এখন দক্ষিণ ভারতের রাজনীতিতে বড় আলোচনার বিষয়। তবে এই সম্পর্ক নতুন নয়। প্রায় ১৭ বছর আগেই রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেসে যোগ দিতে চেয়েছিলেন বিজয়।
সম্প্রতি এক বৈঠকে বিজয় বলেন, কঠিন সময়ে যখন কেউ তার ওপর ভরসা করেনি, তখন রাহুল গান্ধী ও কংগ্রেসের কয়েকজন নেতা তার ওপর আস্থা রেখেছিলেন। তারা বিশ্বাস করেছিলেন, বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারবেন।
নির্বাচনে বড় জয় পাওয়ার পর রাহুল গান্ধী একাধিকবার বিজয়ের সঙ্গে কথা বলেন। পরে সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিজয় নিজেই রাহুলকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ রক্ষা করতেই অনুষ্ঠানে হাজির হন রাহুল।
রাজনৈতিক মহলে আলোচনা চলছে, এই বন্ধুত্বের কারণেই দীর্ঘদিনের মিত্র দল ডিএমকের কিছু সভা এড়িয়ে গেছেন রাহুল গান্ধী। ফলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
আরটিভি/জেএমএ