images

আন্তর্জাতিক

থালাপাতির সাক্ষাতের আশায় ৬৫০ কিমি হেঁটে এলেন এক দম্পতি

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৫:১৭ পিএম

অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ায় থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার পায়ে হেঁটে কেরালা থেকে চেন্নাই এসেছেন এক দম্পতি। ঐতিহাসিক পদযাত্রার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

সোমবার (১১ মে) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, গত ৭ মে কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রাফি ও তার স্ত্রী সি.পি. উম্মু শাহানামোল তামিলনাড়ুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। হেঁটে যেতে সময় লাগবে এমনটা ভেবে তিন দিন আগেই নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে রওনা দেন এই দম্পতি। 

দীর্ঘদিন ধরেই তারা বিজয়ের ভক্ত বলে দাবি করেন ওই দম্পতি। তবে, রাজনীতিতে তার উত্থান এবং নির্বাচনে জয়ের পর সরাসরি শুভেচ্ছা জানাতেই এই ব্যতিক্রমী যাত্রার সিদ্ধান্ত নেন তারা।

জানা গেছে, রাফি পেশায় একজন চালক। তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্লগ করেন। দীর্ঘ যাত্রাপথের ভিডিও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ভিডিওতে দেখা গেছে, ব্যাগ, তাঁবু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছেন তারা। তামিলনাড়ুতে প্রবেশ করে চেন্নাইয়ে পৌঁছানোই তাদের লক্ষ্য। প্রতিদিন সকালে যাত্রা শুরু করেন তারা। রাত হলে নিরাপদ স্থানে বিশ্রাম নিয়ে আবার পরদিন ভোরে হাঁটা শুরু করেন এই দম্পতি।

আরও পড়ুন
10

রেকর্ড ভেঙে আরও নিচে নামলো ভারতীয় রুপির মান 

স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই দম্পতি বলেন, বিজয় চলচ্চিত্রে যে চরিত্রগুলো করেছেন, আমরা বরাবরই তার ভক্ত। আমরা অনেকদিন ধরেই তাকে সামনাসামনি দেখার ইচ্ছা পোষণ করছিলাম। কিন্তু, প্রিয় অভিনেতা বিজয়ের সঙ্গে দেখা করার জন্য কোনো নিশ্চয়তা বা আনুষ্ঠানিক ব্যবস্থাও নেই। এরপরও এই দম্পতি জানান যে, তারা আশাবাদী, শেষ পর্যন্ত তারা সেই সুযোগটি পাবেন। 
 
তারা আরও বলেন, যখন বিজয় তার রাজনৈতিক দল গঠন করলেন, নির্বাচনে জয়ী হলেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তুতি শুরু করলেন, তখন তার সঙ্গে দেখা করার আমাদের আকাঙ্ক্ষা আরও প্রবল হয়ে উঠল। তখনই আমরা পায়ে হেঁটে চেন্নাই যাওয়ার সিদ্ধান্ত নিই।

তাদের এই যাত্রা অনলাইনে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটিকে ‘থালাপতি উন্মাদনার চূড়ান্ত পর্যায়’ বলে অভিহিত করেছেন। অনেকেই বলেছেন, তাদের এই যাত্রা বিজয়ের সঙ্গে তার ভক্তদের আবেগঘন বন্ধনেরই প্রতিফলন।

এদিকে, আরও কয়েকটি রাজ্যের পাশাপাশি গত মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে থালাপতি বিজয়ের তামিলাগা ভেট্রি কাজাগাম-টিভিকে উঠে আসে।
 
গত রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ নেন নতুন সরকারের ৯ মন্ত্রীও।
 
আরটিভি/এমএম