images

আন্তর্জাতিক

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৬:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার আশা ক্ষীণ হয়ে আসায় বিশ্ববাজারে মার্কিন ডলার ও জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনা দামে বড় ধরনের পতন হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থান থেকে সোনার দাম এক ধাক্কায় অনেকটা নিচে নেমে গেছে। খবর রয়টার্স

মঙ্গলবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৬ দশমিক শূন্য ৭ ডলারে। এর আগে গত ২১ এপ্রিলের পর সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল আজ। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে জুন মাসে সরবরাহের জন্য সোনার ফিউচার চুক্তির মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৭০৩ দশমিক শূন্য ২০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মূলত ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির তথ্য আসার আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এই দরপতন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প ইরানের দেওয়া পাল্টা দাবিগুলোকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে।

স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন বলেন, জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম মার্কিন বন্ডের ইল্ড (মুনাফা) এবং ডলারের মানকে শক্তিশালী করছে। এর ফলে বিনিয়োগকারীরা সোনার চেয়ে ডলারের দিকে বেশি ঝুঁকছেন।

আজই যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসের মুদ্রাস্ফীতির (সিপিআই) তথ্য প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই তথ্যের ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) পরবর্তী সুদের হারের সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন
uikj

বিশ্বজুড়ে সোনার দাম নিয়ে নতুন পূর্বাভাস

সাধারণত তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা সুদের হার কমানোর পথ বন্ধ করে দেয়। সোনার ওপর কোনো সুদ পাওয়া যায় না বলে সুদের হার বাড়লে এই মূল্যবান ধাতুর চাহিদা কমে যায়।

আরটিভি/এসএস