বুধবার, ১৩ মে ২০২৬ , ০২:৩৪ পিএম
ইরান যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক সরবরাহ সংকটের প্রভাব এবার পড়েছে জাপানের খাদ্যপণ্য শিল্পে। কাঁচামালের ঘাটতির কারণে দেশটির জনপ্রিয় স্ন্যাকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যালবি ইনকরপোরেটেড। তাদের কিছু পণ্যের রঙিন প্যাকেট সাময়িকভাবে সাদা-কালো করার সিদ্ধান্ত নিয়েছে।
টোকিওভিত্তিক এই প্রতিষ্ঠান জানিয়েছে, রঙিন প্রিন্টিং কালি তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহ ব্যাহত হওয়ায় তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। মূলত ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং হরমুজ প্রণালিতে সরবরাহ চাপে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্যালবি আলুচিপস, সিরিয়ালসহ বিভিন্ন জনপ্রিয় স্ন্যাকস উৎপাদন করে থাকে। জাপানের প্রায় সব কনভেনিয়েন্স স্টোরে তাদের পণ্য পাওয়া যায়। পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেও এসব পণ্য রপ্তানি করা হয়।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, বাজারে পণ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ মে থেকে তাদের ১৪টি পণ্যের প্যাকেজে সীমিত আকারে মাত্র দুই রঙের কালি ব্যবহার করা হবে।
কোম্পানিটির ভাষ্য, পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতেই সাময়িক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কতদিন এ সিদ্ধান্ত বহাল থাকবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের জেরে জ্বালানি ও কাঁচামাল পরিবহনে বৈশ্বিক চাপ তৈরি হয়েছে। এর প্রভাব শুধু জ্বালানি খাতেই নয়, খাদ্যপণ্যের প্যাকেজিং শিল্পেও পড়তে শুরু করেছে। বিশেষ করে প্রিন্টিং কালি ও রাসায়নিক উপাদানের সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
তথ্যসূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
আরটিভি/এসকে