images

আন্তর্জাতিক

বহরে গাড়ির সংখ্যা অর্ধেক করার নির্দেশ মোদির

বুধবার, ১৩ মে ২০২৬ , ০২:৫২ পিএম

নরেন্দ্র মোদি নিজের সরকারি গাড়িবহরে যানবাহনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মিতব্যয়িতা ও জ্বালানি সাশ্রয়কে উৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপকে গাড়িবহরের যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন মোদি। একই সঙ্গে বহরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। তবে এ উদ্দেশ্যে নতুন করে কোনো গাড়ি না কেনার কথাও উল্লেখ করেছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত ‘ব্লু বুক’ এ নির্ধারিত বাধ্যতামূলক নির্দেশনা বজায় রেখেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে এসপিজি।

মোদির এই উদ্যোগ অনুসরণ করছে বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যও। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও তাদের সরকারি গাড়িবহরের যানবাহনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরটিভি/এসকে