বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৩:১২ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। আর এ সফরে আরাঘচির ব্যবহৃত বিমানে লেখা ছিল বিশেষ বার্তা।
বৃহস্পতিবার (১৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে অংশ নিতে আরাঘচি ভারতে এসেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ ঘিরে চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় আরাঘচিকে স্বাগত জানান।
আরাঘচির বহনকারী উড়োজাহাজটির নাম ছিল ‘মিনাব ১৬৮’। যা বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করছে। যুদ্ধ শুরুর সময় ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ কন্যাশিশুর স্মরণে এই নাম রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরটিভি/এমএ