শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৬:৫২ পিএম
সৌদি আরবে শ্রম আইন অমান্যকারী হাজার হাজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির সরকার। আইন লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে সাত হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা (কাজের অনুমতি) বাতিল করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সব ধরনের সরকারি সেবাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশজুড়ে এই বিশাল অভিযান পরিচালনা করছে। মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ দল ও অত্যাধুনিক স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা খতিয়ে দেখা হয়েছে। এতে অবৈধ কর্মসংস্থান সম্পর্কিত ১৩ হাজার ৫০৯টি গুরুতর অনিয়ম শনাক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করেছে, তাদের তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মধ্যে বড় পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানগুলোকে সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’-এর হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, এসব অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত কর্মীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ পেতে সহায়তা করতে তাদের তথ্য মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সৌদি আরবের বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ মাঠপর্যায়ের পরিদর্শন চালানো হয়। এসব অভিযানে ১ লাখ ৬৮ হাজারের বেশি অনিয়ম শনাক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম সংশোধন করার জন্য প্রায় ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেবল সাধারণ প্রতিষ্ঠানই নয়, বিভিন্ন নিয়োগকারী অফিসেও সাড়ে তিন হাজারের বেশি অনিয়ম ধরা পড়েছে।
এদিকে, ডিজিটাল প্ল্যাটফর্মেও নজরদারি জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। অবৈধভাবে গৃহকর্মী সেবা প্রদানের প্রচার চালানোর দায়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মানবপাচার প্রতিরোধের অংশ হিসেবে ৫৪ হাজার আগাম পরিদর্শনও করেছে মন্ত্রণালয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই কঠোর নজরদারি প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বড় ভূমিকা পালন করছে। জনগণের দেওয়া প্রায় ১৫ হাজার ৫০০ অভিযোগ দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হয়েছে। শ্রমবাজারকে সুশৃঙ্খল ও আইনসম্মত রাখতে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আরটিভি/এআর