শনিবার, ১৬ মে ২০২৬ , ০৮:৩১ এএম
চীন সফর শেষে তাইওয়ানকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা তিনি দেখতে চান না। এমন পদক্ষেপ বড় ধরনের সংঘাত তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি, আন্তর্জাতিক সংবাদসংস্থা বিবিসির এক প্রতিবেদনের বরাতে এমনটাই জানা যায়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠকের পর শুক্রবার (১৫ মে) দেশে ফেরার পথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। তিনি চান তাইওয়ান ও চীন শান্ত থাকুক।
ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যুতে বিস্তারিত কথা হয়েছে। তবে তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।
এদিকে চীন আবারও দাবি করেছে, তাইওয়ান তাদেরই অংশ। বেইজিংয়ের ভাষ্য, বিষয়টি ঠিকভাবে সামাল না দিলে দুই দেশের মধ্যে বড় সংঘাত তৈরি হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে। এতে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আরটিভি/জেএমএ