images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

তিন দশকে ১৮ লটারি জয়, জানালেন রহস্য

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৩:০৮ পিএম

টানা তিন দশকে ১৮ বার লটারি জেতা কোনো সাধারণ ঘটনা নয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন অলৌকিক সৌভাগ্যের দেখা পেয়েছেন রবার্ট বেভান নামের এক মার্কিন নাগরিক। একের পর এক লটারি জয়ের পর বিশ্বজুড়ে যখন তাকে নিয়ে তুমুল কৌতূহল, ঠিক তখনই নিজের এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের আসল রহস্য ফাঁস করেছেন তিনি।

শনিবার (১৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে রবার্ট বেভানের এই চমকপ্রদ জীবনের গল্প তুলে ধরা হয়েছে।

সম্প্রতি বেভান ‘১,০০০,০০০ কিং স্ক্র্যাচ গেম’ নামের একটি লটারিতে ৫০ হাজার মার্কিন ডলার জিতেছেন। আর এর মাধ্যমেই তার জীবনে মোট ১৮ বার লটারির পুরস্কার জয়ের এক অনন্য রেকর্ড তৈরি হলো। আইডাহো লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, বেভানের এই জয়যাত্রার শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ২৯ বছর আগে, ১৯৯৭ সালে। সে বছর একটি বিশেষ প্রচারণামূলক লটারিতে অংশ নিয়ে তিনি একটি ‘শেভ্রোলেট ব্লেজার’ গাড়ি জিতে নেন। সেই যে শুরু, এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। গত তিন দশকে তিনি কখনো ছোট অঙ্কের নগদ টাকা, আবার কখনো সর্বোচ্চ ২ লাখ ডলার পর্যন্ত বড় বড় পুরস্কার ঘরে তুলেছেন।

স্বাভাবিকভাবেই এমন অতিপ্রাকৃতিক সৌভাগ্য যার সঙ্গী, তাকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। লটারি কর্মকর্তারা যখন কৌতুহলী হয়ে তার এই ধারাবাহিক সাফল্যের গোপন রহস্য জানতে চান, তখন বেভান যে উত্তর দিয়েছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

বেভান জানান, তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বা সৌভাগ্য এই লটারির টাকা নয়, বরং তার দাম্পত্য জীবন। হাসিমুখে তিনি বলেন, ‘আমার আসল সৌভাগ্য হলো একই অসাধারণ নারীর সঙ্গে দীর্ঘ ৪০টি বছর পার করতে পারা।’

আরও পড়ুন
8i9

হঠাৎ তাইওয়ানের কড়া প্রতিক্রিয়া

এই মার্কিন নাগরিকের মতে, লটারি খেলাটি তার কাছে কখনোই কেবল অর্থ উপার্জনের মাধ্যম ছিল না, বরং এটি ছিল এক ধরনের অনাবিল আনন্দ। বছরের পর বছর ধরে প্রিয় স্ত্রীকে পাশে নিয়ে লটারির টিকিট কেনা এবং একসঙ্গে সেই ফলাফল দেখার রোমাঞ্চই ছিল তাদের জীবনের অন্যতম সুন্দর এক অভ্যাস।

এনডিটিভি জানিয়েছে, বেভানের এই আবেগঘন ও ভালোবাসাময় মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনদের অনেকেই বলছেন, বারবার লটারি জেতার চেয়েও চার দশক ধরে স্ত্রীর প্রতি এমন অবিচল ভালোবাসা ও একনিষ্ঠতা প্রদর্শনই পৃথিবীতে সবচেয়ে বড় অনুপ্রেরণার গল্প।

আইডাহো লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই টিকিট বিক্রি থেকে সংগৃহীত অর্থ আইডাহো অঙ্গরাজ্যের সরকারি বিদ্যালয় এবং বিভিন্ন সরকারি স্থাপনার উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। 

আরটিভি/এআর