images

আন্তর্জাতিক

ঈদের তারিখ ঘোষণা করল পাকিস্তান

সোমবার, ১৮ মে ২০২৬ , ১১:৫৮ এএম

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

জিও নিউজ প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১৭ মে) সন্ধ্যায় পাকিস্তানের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

জিলহজের চাঁদ দেখার বিষয়ে করাচিতে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ।

এর আগে একই দিনে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে  তুরস্ক,ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। দেশগুলোতেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। 

অন্যদিকে সৌদি আরবও রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার দেশটিতে জিলহজের প্রথম দিন এবং আগামী ২৭ মে সেখানে ঈদুল আজহা পালিত হবে। গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ বেশিরভাগ ইসলামি দেশেও একই দিনে চাঁদ দেখা গেছে। 

এদিকে বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে দেশের ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে। 

ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা নির্ধারিত ফোন নম্বরে তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

আরটিভি/এসকে