মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৮:৩৪ এএম
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের সবচেয়ে বড় মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নিরাপত্তাকর্মীও রয়েছেন। হামলার পর কাছেই একটি গাড়ি থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিজেরাই নিজেদের গুলি করেছে। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় সময় সোমবার (১৮ মে) দুপুরের কিছু আগে সান ডিয়েগো শহরের ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘৃণাজনিত হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। হামলায় ব্যবহৃত অস্ত্রের একটিতে বিদ্বেষমূলক লেখা পাওয়া গেছে। এছাড়া সন্দেহভাজনদের কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে জাতিগত বিদ্বেষের কথাও ছিল।
নিহত নিরাপত্তাকর্মী আট সন্তানের বাবা ছিলেন। স্থানীয় এক ব্যক্তি সিএনএনকে জানান, তিনি নিজের জীবন দিয়ে মসজিদের ভেতরে থাকা শিশু ও মুসল্লিদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। মসজিদের ভেতরে শিশুদের একটি বিদ্যালয়ও ছিল। হামলার সময় সেখানে ছোট ছোট শিশুরা অবস্থান করছিল।
পুলিশ প্রধান জানান, হামলায় জড়িত এক কিশোর তার মায়ের বাসা থেকে তিনটি অস্ত্র নিয়ে বের হয়েছিল। বিষয়টি জানার পর থেকেই পুলিশ বড় ধরনের হামলার আশঙ্কা করছিল।
ঘটনার পর তীব্র নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তারা বলেন, ধর্মীয় স্থানে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।
আরটিভি/জেএমএ